প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে দশম শ্রেণির ছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে জামিন দেননি আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার (১৯ মে) ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমত জাহানের আদালতে মিজানুরের জামিন আবেদন করেন তার আইনজীবী এ কে ব্যানার্জী। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এদিকে, আজ মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। মিজানুরের পক্ষে তার আইনজীবী চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আগামী ১৩ জুন পরবর্তী তারিখ ধার্য করেন।
বৃহস্পতিবার মামলার অপর দুই আসামি মিজানুরের বন্ধু সাকিব হোসেন ও সেলিম আদালতে হাজিরা দেন।
উল্লেখ্য,২০২০ সালে ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করে মিজানুর রহমান। ভাইয়ের কাছ থেকে নীলাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে নিকটস্থ তার নিজ পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। পরে রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় ২১ সেপ্টেম্বর মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৮ এপ্রিল সাভার থানার পরিদর্শক (তদন্ত) নির্মল কুমার দাস মিজানুর, সাকিব ও সেলিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মিজানুরের বাবা ও মায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়।
![]()