২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২১
শিরোনাম:

ভোট দিনেই হবে, রাতে নয়: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, আগামী ১৫ জুন মাদারীপুরের কিছু ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ। কোনো ধরনের জোর বা প্রভাব খাটানো যাবে না। নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করতে পারে, সেজন্য কঠোর নজরদারি রাখবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট দিনেই হবে। রাতে কোনো ভোট হবে না।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার একথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক। বর্তমান কমিশনে আমরা যারা আছি, সকলে জনগণের অধিকার প্রয়োগ করতে দেবো। যত ধরনের বাধা বিপত্তি আসুক না কেন আমরা তা প্রতিহত করবো। যদি প্রতিহত করতে না পারি তাহলে বসে থাকবো না, চলে যাবো।

ইভিএম প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ইভিএম নিয়ে অনেকে অনেক কথা বলে। এজন্য আমরা আগামীতে দেশে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে বসবো। এখানে উপজেলা, জেলা, আঞ্চলিক নির্বাচন অফিসাররা আছেন, আপনারা অফিসে ইভিএম রাখবেন যাতে করে মানুষ সেটা দেখতে পারে; কীভাবে ভোট প্রয়োগ করতে হয়। অনেকে বলে, এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় চলে যায়। এ ধরনের ভ্রান্ত ধারণা মানুষের মধ্য হতে দূর করতে হবে। আমাদের ইভিএম মেশিনের মত সেরা মেশিন পৃথিবীর কোথাও নেই।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ আছে। তাদেরও আমরা আমাদের মেশিন দেখাবো। তাদের হাতে ছেড়ে দেবো, দেখান কোথায় ভুল আছে? আর কোন মেশিন কোথায় যাচ্ছে কেউ জানে না। ইভিএমের কোন ভুল-ত্রুটি যদি কেউ ধরতে পারে, তার জন্য আমাদের প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন বা কমিশন সম্পর্কে আপনারা সত্য লিখবেন। এতে কেউ বাঁধা দেবে না। আপনারা সত্য লিখলেও জনগণ বিশ্বাস করে, আবার অনেক সময় মিথ্যা লিখলেও করে। তবে আমার অনুরোধ, আপনারা সত্যটা লিখবেন।

আনিছুর রহমান বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো কাজ করা যাবে না। যেমন- ব্যাংকে হিসাব খোলা, জমি দলিল, মোবাইলের সিম ক্রয়, পাসপোর্টসহ অনেক কাজে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র লাগে। এজন্য ভোটার তালিকা হালনাগাদকে গুরুত্ব দিতে হবে। যারা ভোটার হালনাগাদের তথ্য কম্পিউটারে এন্ট্রি দেবেন, তারা খুব সতর্কতার সাথে মানুষের নাম-ঠিকানা লিখবেন। যাতে কোনো ভুল তথ্য না আসে।

মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা। সভা সঞ্চালনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ‌্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

Loading