২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২১
শিরোনাম:

নর্থ সাউথের ছয় ট্রাস্টির বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদসহ ছয় ট্রাস্টির বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুদক উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ নিষেধাজ্ঞার এই আদেশ দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য জমি কেনার নামে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই ছয় জনের বিরুদ্ধে মামলা করা হয় গত ৫ মে।
মামলার বাদী ছিলেন দুদক উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি। তিনিই মামলাটি তদন্ত করছেন। তদন্ত পর্যায়ে ওই ছয় জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হলো।

নিষেধাজ্ঞা দেওয়া ছয় ট্রাস্টি হলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান এবং আশালয় হাউজিং ও ডেভেলপারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।

সূত্র জানায়, গত রোববার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের আদালতে ট্রাস্টি এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান আগাম জামিন আবেদন করেন। জামিন আবেদন খারিজ করে আদালত তাদেরকে পুলিশের হাতে তুলে দেন।

আদালতের আদেশে ঢাকার শাহবাগ থানা পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে নিম্ন আদালতে হাজির করতে বলা হয়।

ওই আদেশের পরিপ্রেক্ষিতে গত সোমবার তাদেরকে ঢাকা মহানগর আদালতে হাজির করা হয়। ওই সময় আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তারা কারাগারে আছেন।
দুদক সূত্র জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজ।

এই বিশ্ববিদ্যালয়ের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন অ্যান্ড আর্টিকেলস (রুলস অ্যান্ড রেগুলেশনস) অনুযায়ী বিশ্ববিদ্যালয় একটি দাতব্য, কল্যাণমুখী, অবাণিজ্যিক ও অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় তথা সরকারের সুপারিশ-অনুমোদনকে পাশ কাটিয়ে বোর্ড অব ট্রাস্টিজের কতিপয় সদস্যের অনুমোদন-সম্মতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের নামে ৯০৯৬ দশমিক ৮৮ ডেসিমেল জমির ক্রয় মূল্য বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা অপরাধজনকভাবে গ্রহণ করে আত্মসাত করেছেন। সূত্র: কালের কন্ঠ

 

Loading