২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৯
শিরোনাম:

কিশোরগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ৬

কিশোরগঞ্জের নিকলীতে পূর্ব বিরোধের জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে মো. তুষার মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ মে) রাতে উপজেলার মাইজহাটি গ্রামে এ ঘটনা ঘটে। তুষার নিকলী সদর ইউনিয়নের ষাইটধার তালাপপাড় গ্রামের আতাব আহাম্মেদের ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এ ঘটনায় তুষারের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ মে) নিকলী থানায় সাগর মিয়াকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রধান আসামি সাগর মিয়াসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বজনরা জানান, গত রমজান মাসে তুষার মিয়া ও বটতলা গ্রামের সুরুজ আলীর ছেলে সাগরের মধ্যে বিয়ের বিষয় নিয়ে বিরোধ বাঁধে। বিষয়টি তুষারের বাবা জানতে পেরে ছেলেকে ঢাকায় কাজ করার জন্য পাঠিয়ে দেন। মঙ্গলবার (২৪ মে) ফুফাতো বোনের জানাজায় অংশ নিতে ঢাকা থেকে নিকলীতে আসে তুষার ।

বুধবার রাতে তুষারকে একা পেয়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বন্ধু সাগর। এলাকার লোকজন তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথেই মারা যায় তুষার।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আক্তারুজাম্মান খাঁন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Loading