বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আওয়ামী লীগের অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটির উপজেলা নেত্রীবৃন্দ।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার বেলা ১২টায় উপজেলার মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহতদের নাম, পরিচয় এবং তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
উপজেলা আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলা চালানো হয়েছে। গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের বাড়ি থেকে বিএনপির প্রায় ৩০থেকে ৪০জন নেতাকর্মী লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে এই হামলা চালায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু বলেন, গত শুক্রবার গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে সংগঠনটির নেত্রী সুরাইয়া জেরিন রনি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় তার প্রতিবাদে রোববার দুপুরে আমাদের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের বাড়ি থেকে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় আমাদের অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছেন।
এদের মধ্যে দুইজনের মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে আমরা তিনমাথা মোড়ে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি।
গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
গাবতলী সার্কেলের (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা) সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভির হাসান বাংলাদেশ জার্নালকে বলেন, ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমান পরিস্থিতি আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
![]()