আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উদ্বোধনের দিন (২৫ জুন) হয়তো কিছু সময়ের জন্য মানুষ পায়ে হেঁটে পদ্মা সেতুতে যাতায়াতের সুযোগ পাবেন। তবে এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এই সভার আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে পদ্মা সেতুর ওপারে দক্ষিণাঞ্চলের ২১ জেলার স্থানীয় আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্যরা অংশ নেন।
কাদের বলেন, ‘২৫ তারিখ উদ্বোধনের দিনে পদ্মা সেতু দিয়ে কোনো গাড়ি চলবে না। ২৬ তারিখ সকাল থেকে (সময় জানিয়ে দেওয়া হবে) টোল দিয়ে পদ্মা সেতু পার হতে হবে।
ওবায়দুল কাদের মনে করেন, অর্থায়ন থেকে সরে গিয়ে বিশ্ব ব্যাংক বঙ্গবন্ধু পরিবারকে যে অপমান করেছিল, পদ্মা সেতু সে অপমানের প্রতিশোধ। তিনি বলেন, বিশ্ব ব্যাংক আমাদেরকে দুর্নীতি, চুরির অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছে। বিশ্বব্যাংক শেখ হাসিনা, শেখ রেহানা, জয়-পুতুল, ববি সবাইকে অপমান করেছে।
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘এরা অন্তর জ্বালায় মরে যাচ্ছে। এদের বুকে বিষ জ্বালা। বিষ জ্বালা নিয়ে এরা অপপ্রচার করছে। পদ্মা সেতু নিয়ে এরা মিথ্যাচার করছে।’
নেতা কর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, আপনাদের এর জবাব দিতে হবে ২৫ তারিখে। ২৫ তারিখ এর সমুচিত জবাব দেবেন।
![]()