বগুড়ায় হত্যা মামলার আসামি রবিন (২২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে সদরের ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহত রবিন পাশের ভাটকান্দি এলাকার রফিকুল ইসলামের ছেলে। পেশায় রঙ মিস্ত্রি রবিন একটি হত্যা মামলার আসামি ছিলেন। কয়েক মাস কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে বের হন।
বৃহস্পতিবার হত্যাকাণ্ডের পর পরই ওই বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের মোটিভ জানাতে পারেনি। তবে পুলিশ কর্মকর্তাদের ধারণা, পূর্ব বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনার পর ঘুনিয়াতলা বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান বলেন, চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৫ শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। দুপুর ২টা থেকে অনুষ্ঠান শুরু করার জন্য মঞ্চও নির্মাণ করা হয়েছিল।
তিনি আরও বলেন, দুপুর দেড়টার দিকে আমরা যখন জোহরের নামাজ পড়ছিলাম তখন হত্যাকাণ্ডটি ঘটে। মঞ্চ থেকে পূর্ব-উত্তর কোণে পরিত্যস্ত একটি টয়লেটের কাছে ছেলেটিকে খুন করা হয়। পরে নামাজ শেষ হওয়ার পর জানতে পারি একদল বহিরাগত যুবক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের কাছে ছেলেটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। ওই হত্যাকাণ্ডের পর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যাকাণ্ডে জড়িত তারা সবাই বহিরাগত।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ৫/৬জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রবিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা তার মাথায় এবং পায়ে এলোপাথারি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্ত চলছে। আশাকরি খুব শিগগিরই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
![]()