৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩১
শিরোনাম:

‘সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ গোয়েন্দাদের হাতে’

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার কিছু প্রমাণ গোয়েন্দাদের হাতে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এ কথা জানান তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, দেশে কিছুদিন ধরে চলা অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। যারা এমনটি করেছেন, তাদের সেই আগুনেই পুড়তে হবে।

আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অবস্থান করছে- মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ৭৫’এর পরেও আওয়ামী লীগ রাজনীতির মাঠে ছিলো, কখনো জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগ যায়নি। আওয়ামী লীগের অবস্থান দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক।

বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না, তাহলে সেই আগুনে পুড়ে আপনাদের পরিণতি হবে ভয়াবহ। নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক ধারার রাজনীতি করুন, দেশের মানুষের কল্যাণে কাজ করুন।’

তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের কাছে কী বলে ভোট চাইবেন? এমন তো কিছু আপনাদের নেই যা দেখে জনগণ ভোট দেবে। আগামী নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যথাসময়ে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Loading