২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩
শিরোনাম:

নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করলেন স্বতন্ত্র প্রার্থী কায়সার

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন। বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে তিনি এ পদত্যাগ দাবি করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার দুপুরে কুমিল্লা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ সময় সাংবাদিকদের নিজাম উদ্দিন কায়সার বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের বিষয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন।

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য প্রচারণার শুরু থেকেই ভোটের মাঠে অবস্থান করে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন এবং নৌকার প্রার্থীর পক্ষে নানা ধরনের অপকৌশল চালাচ্ছেন; যা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এসব বিষয়ে আমরা রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেও কোনো ফলাফল পাইনি। সংসদ সদস্যকে কুমিল্লা সিটি নির্বাচন এলাকা থেকে দূরে রাখতে এবং নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন।

নিজাম উদ্দিন কায়সার বলেন, নির্বাচন কমিশন শুরুতে যে ধরনের কথা বলেছিল, যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষকে যে ধরনের সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিল, শেষ পর্যন্ত তারা তা রক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন সংসদ সদস্যের ব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করে তাদের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেছেন; যার ফলে এ নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন কায়সার।

এর আগে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অপর স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। সরকারি দলের বিপুল সংখ্যক বহিরাগত নেতাকর্মী এই মহানগর এলাকায় অবস্থান করছে এবং নির্বাচনের দিন কেন্দ্র দখল হয়ে যাবে। ইতোপূর্বে তিনি তিন দফা অভিযোগ দিয়েও কোনো প্রকার ফল পাননি বলে অভিযোগ করেন।

তিনি দাবি করেন, নির্বাচন কমিশন বাস্তবে কোনো পদক্ষেপ নিতে পারছে না। যার ফলে তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, আমরা প্রার্থীদের অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করছি। আমরা চেষ্টা করব শান্তিপূর্ণ অবাধ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন যেন হয়। ছাড়া নির্বাচনকে সুষ্ঠু করার জন্য দুজন কমিশনার এই কুমিল্লা সিটি এলাকায় অবস্থান করছেন। সব মিলিয়ে আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা যেন একটি শান্তিপূর্ণ এবং সুন্দর নির্বাচন কুমিল্লাবাসীকে উপহার দিতে পারি।

Loading