মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় একটি মাছের ঘেরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।শনিবার (২ জুলাই) দুপুরে স্থানীয় ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারাদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ওই এলাকায় মো. দেলোয়ার হোসেনের (৩০) মাছের ঘেরে বালু উত্তোলনের সময় এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!জমির মালিক দেলোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার বালু তোলার সময় হঠাৎ গ্যাস ওঠা শুরু করে। এ সময় বালু ও পানির সঙ্গে গ্যাস মিশে প্রায় ১৫০ ফুট ওপরে উঠে যায়। ৫ থেকে ৬ বছর আগে একবার এই ঘের থেকে বালু তোলার জন্য ড্রেজার মেশিন বসানো হয়েছিল। তখনও বালুর সঙ্গে গ্যাস বের হওয়ায় বালু উঠানোর কাজ বন্ধ করে দেওয়া হয়। এখন দেখি সেখান থেকে আবারও গ্যাস উঠছে।
দেলোয়ারের স্ত্রী সুফিয়া খাতুন মিম বলেন, এখন গ্যাসের পাইপের সঙ্গে লাইন দিয়েছি আমরা। সেই গ্যাস পাইপ দিয়ে আসতেছে। আমরা এই গ্যাস দিয়ে রান্নাও করছি।
স্থানীয় ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারাদার বলেন, প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে এখান থেকে গ্যাস উঠেছিল। তখন বিষয়টি কেউ মূল্যায়ন করেনি। এখানে কী পরিমাণ গ্যাস আছে, তা বলতে পারছি না। সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। নাহলে যেকোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এ খবরটি জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
![]()