৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৩
শিরোনাম:

পদ্মা সেতুর অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পদ্মা সেতু থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে টুস করে ফেলে দিবে, দেশের একজন গুণি নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে চুবানি দিবে, এই সেতুর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেশের মানুষ ভালভাবে দেখেনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, পদ্মা সেতুর সঙ্গে আওয়ামী লীগের ভয়ংকর দুর্নীতি জড়িয়ে রয়েছে। যেখানে এক টাকা খরচ হওয়ার কথা সেখানে সাড়ে তিন টাকা খরচ করেছে আওয়ামী লীগ। সেই বাড়তি টাকা তাদের নেতাকর্মীদের পকেটে গেছে। তা দিয়ে তারা কানাডাসহ বিভিন্ন দেশে বাড়ি বানিয়েছে। এই পদ্মা সেতুর জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ চৌধুরীর সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনের পরে নাকি আমাকে দেখা যায়নি। আমি ওনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, পদ্মা সেতু যখন উদ্বোধন করা হয় তখন মানুষ পানিতে ভাসছে। মানুষের সহায় সম্বল যখন ভেসে যাচ্ছে তখন আপনাদের পদ্মা সেতুর জাকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে। মানুষ মনে করেছে এটা গোটা জাতির সামনে একটা তামাশা।’

রিজভী আরও বলেন, ‘আমি তথ্যমন্ত্রীকে বলতে চাই গোটা জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা পদ্মা সেতুর তথাকথিত জাঁকজমকপূর্ণ উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠানেও কিন্তু আপনাদের অনেক ঘনিষ্ঠ জনকে দেখা যায়নি। সেখানে আপনাদের তথাকথিত কোন বিরোধীদলের কোন নেতাকর্মীকেও আমরা দেখিনি।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আমরা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনার মেয়ের জামাই ও তার ছেলেকে দেখলাম না। সবচেয়ে বড় কথা প্রায় সব সময় যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন তার বোন শেখ রেহেনাকেও দেখলাম না? বাংলাদেশের কোন বিশিষ্টজনকে আমরা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেখি নাই।’

Loading