বিএনপি নির্বাচন কমিশনের ডাকা চলমান সংলাপ বারবার প্রত্যাখ্যান করলেও তাদের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘বিএনপির জন্য আমরা অপেক্ষা করবো।’
Thank you for reading this post, don't forget to subscribe!আজ বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিএনপির সঙ্গে ইসির সংলাপের কথা রয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসির সঙ্গে সংলাপে বসবে না। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণতন্ত্র পার্টির সঙ্গে সংলাপের সময় সিইসি একথা বলেন।
সংলাপ শেষে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইসির প্রতি অনাস্থা আছে বা নাই, দুটোই। আপনারা তো পেপারেই দেখেছেন একটা দলের হয়তো অনাস্থা আছে। আবার আমাদের সঙ্গে যারা বসছেন, তাদের প্রত্যেকের আমাদের (ইসি) প্রতি আস্থা আছে।’
তিনি বলেন, ‘আমরাও বলেছি সত্যিকার অর্থে এটিই আমাদের একমাত্র দায়িত্ব যে, প্রত্যেক ভোটার যেন ভোটকেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটাই গণতন্ত্রের ভিত্তি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’
চলমান সংলাপ প্রসঙ্গে সিইসি আরও বলেন, ‘সব দলই ইতিবাচক। সবাই ঐক্যের কথা বলছেন। ঐক্য হতেও পারে, না-ও হতে পারে। আমাদের প্রয়াস অব্যাহত রাখবো।’
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি।
সংলাপের চতুর্থ দিন আজ তিনটি দলের সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা থাকলেও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি তাদের সময় পরিবর্তন করেছে। চারদিনে ১৪টি দলকে ইসি আমন্ত্রণ জানালেও তাদের ডাকে সাড়া দিয়েছে ১১টি রাজনৈতিক দল। বিএনপিসহ বাংলাদেশ মুসলিম লীগ এবং কল্যাণ পার্টি ইসির ডাকা সংলাপ বর্জন করেছে।
![]()