২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১১
শিরোনাম:

স্বামীকে হত্যা করে থানায় স্ত্রীর আত্মসমর্পণ

নরসিংদীর শিবপুরে স্বামীকে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্ত্রী ঝুনু বেগম (৩৪)। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার সকালে থানায় গিয়ে ডিউটি অফিসারকে বিষয়টি জানান ঘাতক স্ত্রী। স্বামী নিহত মোফাজ্জল প্রধান (৪০) খড়িয়া গ্রামের মৃত ওয়াজউদ্দিন প্রধানের ছেলে।

স্ত্রী ঝুনু বেগম একই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে। তাদের দাম্পত্য জীবনে মাহিন প্রধান (১৬) নামের একটি ছেলেসন্তান রয়েছে।

নিহতের পরিবার জানায়, প্রায় ২০ বছর আগে প্রেম করে মোফাজ্জল ও ঝুনু বিয়ে করেছিলেন। তাদের দুজনের প্রেম থাকা অবস্থায় ঝুনু বেগমকে অন্যত্র বিয়ে দেয় তার বাবা-মা। বিয়ের দুই দিন পরই ওই ছেলেকে ত্যাগ করে পালিয়ে মোফাজ্জলকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্ত্রী ঝুনুর কাছে টাকা চায় নিহত মোফাজ্জল। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে মোফাজ্জল লোহার তৈরি সাবল নিয়ে আসে ঝুনুর ওপর আক্রমণ করতে। এ সময় ঝুনু তার কাছ থেকে সাবল ছিনিয়ে নিয়ে মোফাজ্জলকে সাবল দিয়ে আঘাত করে। একপর্যায়ে মোফাজ্জল মারা যায়। সারা রাত লাশ পাহারা দিয়ে শুক্রবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করে ডিউটি অফিসারের কাছে ঘটনার বিবরণ দেন স্ত্রী ঝুনু বেগম। পরে পুলিশ তাকে আটক করে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Loading