২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১২
শিরোনাম:

পুলিশের গুলিতে খুলি উড়ে যাওয়া শিশুর মা ছিলেন ভোটের ফলের অপেক্ষায়

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা থামাতে গিয়ে পুলিশের ছোঁড়া গুলিতে নিহত হন দেড় বছর বয়সী মেয়ে সুরাইয়া। নিহত সুরাইয়া রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী আশ্রয়ণ প্রকল্পের গ্রামের মো.বাদশাহর মেয়ে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে স্বজনদের মাতম চলছে। সে সময় সুরাইয়ার নানি মহিফুল বেগম বলেন, ‘এলা এসব কহে কী হবে? তোমরা হামার নাতনিক ফিরায় দিবা পারিবেন।’

এদিকে সুরাইয়ার বাবা বাদশাহ ও মা মিনারা ঘটনার পরই অসুস্থ হয়ে পড়েন। তারা রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়ার মা মিনারা বলেন, ‘শেষ বেলায় ভোট দিয়া ফলাফল শুনিবার তানে কেন্দ্রত ছিনো। সেলা হঠাৎ করে মারামরি শুরু হইল। আর সেলা পুলিশের গুলিত মোর বেটিডার মাথার খুলিডা অর্ধেকখান উড়ে গেইল। আর কোনদিন মোর বেটিডাক জড়ায় ঘুমাবা পারিমোনি।’

স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনী সহিংসতায় শিশু নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা রাতেই সুরাইয়ার লাশ নিয়ে বিক্ষোভ করে রাণীশংকৈল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এবং রাণীশংকৈল থানার সামনে এসে বিক্ষোভ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) রামকৃষ্ণ বর্মণকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এদিকে আজ বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত সুরাইয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকেরা ভোট গ্রহণের দায়িত্বে থাকা লোকজনের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষায় পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে। তাতেও পরিস্থিতি স্বাভাবিক না হলে পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়। পরে তারা জানতে পেরেছেন সে সময় এক শিশু মারা গেছে।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি দুঃখজনক। সুষ্ঠু তদন্তের জন্য আমরা তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। এক সপ্তাহের মধ্যে তারা তদন্ত রিপোর্ট জমা দেবেন। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে নিহত সুরাইয়ার পরিবারকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। তাদেরকে সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

উল্লেখ্য, গতকাল বুধবার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ঘোষিত ফলে ইউপি সদস্য পদে বাবুল হোসেন ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। অপর ৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আজাদ আলী পেয়েছে ৪৪২ ভোট, খালেদুর রহমান ২৪৫ ভোট ও কামাল উদ্দিন ২১৩ ভোট পেয়েছেন। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করেন পরাজিত প্রার্থীর সমার্থকরা। পরে তারা লাঠিসোঁটা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কাঁদানে গ্যাস ছোড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কাজ না হওয়ায় হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। সে সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে সুমাইয়া নিহত হয়।

Loading