বিএনপি প্রতিবন্ধকতা সৃষ্টি, রাস্তা-ঘাট বন্ধ করার চেষ্টা বা জানমালের ওপর আঘাত করলে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক কৌশল রয়েছে। রাজনৈতিক কৌশলে তারা নির্বাচনে যাবে কি যাবে না, এটা তাদের বিষয়। কিন্তু তারা রাস্তা-ঘাট বন্ধ করবে, জান-মালের ক্ষতি করবে, এটা আমরা করতে দেবো না। তারা প্রেসক্লাবের সামনে রোজ মিটিং করছে, এতে আমরা বাঁধা দিচ্ছি না।
মন্ত্রী বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক মিটিং, সভা প্রচার করলে এগুলোতে আমাদের কোনো আপত্তি নেই। যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাস্তা-ঘাট বন্ধ করার চেষ্টা করবে, জানমালের ওপর আঘাত করবে, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না, তাদের কাজও তারা করবে।
বিএনপির ডাকে সাড়া দিয়ে দেশের জনগণ আন্দোলনে নামবে কি নামবে না, সেটা জনগণের ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিশ্চিত; দেশ যেভাবে এগিয়ে চলছে, আলোকিত হচ্ছে, সেখানে মানুষ আর কোনোদিনও অন্ধকারে ফিরে যাবে না।
![]()