টিকিট কালোবাজারিসহ রেলের অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে গণসংযোগ করেছেন ৬ দফা দাবিতে আন্দোলনকারী ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামগামী মেইল (টু-ডাউন) ট্রেনযোগে তিনি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি করেন।
এ সময় রনি এক যাত্রীর টিকিট ক্রয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে আখাউড়া স্টেশনের টিকিট কাউন্টারে চ্যালেঞ্জ করেন। এ সময় কাউন্টারে দায়িত্বরত টিকিট বুকিং সহকারী আক্তার হোসেন যাত্রীকে অতিরিক্ত টাকা ফেরত দেন।
ওই যাত্রীর অভিযোগ, চট্টগ্রামগামী টু-ডাউন মেইল ট্রেনের টিকিটের মূল্য ৭৫ টাকা হলেও তার কাছ থেকে টিকিটের মূল্য ১২০ টাকা নেওয়া হয়।
মহিউদ্দিন রনি বলেন, হাতেনাতে ধরা খেয়ে জনগণের তোপের মুখে টাকা ফেরত দিতে বাধ্য হলেন ওই বুকিং সহকারী। জনতার এ সংগ্রাম চলছে, চলবে বলেও মন্তব্য করেন রনি।
এ সময় রনির সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও অন্তত ৫-৬ জন শিক্ষার্থী। রেল ব্যবস্থা সংস্কারে ছয় দফা দাবি তুলে ধরে গণসংযোগ করেছেন ঢাবি ছাত্র মহিউদ্দিন রনি। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কর্মসূচি শেষে তিনি তার সহযোগীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া টু-ডাউন চট্টগ্রাম মেইল ট্রেনে করে আখাউড়া ত্যাগ করেন।
![]()