রাজশাহীর চারঘাট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার সকালে উপজেলার ঝিকড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহত জাহাঙ্গীর চারঘাট উপজেলার সাদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। অভিযুক্ত আব্দুল কুদ্দুসের দুই স্ত্রী। নিহত জাহাঙ্গীর আলম বড় স্ত্রীর ছেলে। এ ঘটনায় কুদ্দুসকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আব্দুল কুদ্দুস দ্বিতীয় স্ত্রীর ছেলেমেয়েদের নামে জমিজমা লিখে দিলে প্রথম স্ত্রীর ছেলের সঙ্গে বিরোধ বাধে। এরই সূত্র ধরে আজ সকালে পাটক্ষেতে বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে হাতে থাকা পাট কাটা হাসুয়া দিয়ে ছেলেকে কোপা দেন আব্দুল কুদ্দুস। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।
![]()