২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১
শিরোনাম:

দাওয়াত না পেয়ে কার্যালয় ভাংচুর যুবদল নেতার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভায় দাওয়াত না পেয়ে ক্ষোভে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে আসবাবপত্র ভাংচুর করেছেন উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। সভায় পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী। অনুষ্ঠান শেষে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অতর্কিতভাবে এসে নেতাকর্মীদের অশালীন ভাষায় গালমন্দ করে আসবাবপত্র ভাংচুর করে।

চৌদ্দগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার বলেন, অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা যুবদল সাধারণ সম্পাদক নাজমুল হক কোনো কারণ ছাড়াই অফিসে এসে গালমন্দ করে এবং আসবাবপত্র ভাংচুর করে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হুদা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন এবং রোগমুক্তি কামনায় মিলাদ-আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শেষ পর্যায়ে কারণ ছাড়াই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অফিসে প্রবেশ করে ভাংচুর করে।

এ বিষয়ে বিকেলে অভিযুক্ত উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এ ধরনের ভাংচুর করিনি। এগুলো মিথ্যা কথা।’

Loading