২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
শিরোনাম:

ভারতে ডুবতে থাকা ২৭ বাংলাদেশি জেলে উদ্ধার (ভিডিও)

কয়েক ঘণ্টার ব্যবধানে ফের ভারতীয় সমুদ্রসীমা থেকে উদ্ধার করা হলো ২৭ বাংলাদেশি জেলেকে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে প্রবল ঝড়-বৃষ্টিতে ডুবতে থাকা ও পথ ভ্রষ্ট হওয়া তিনটি মাছ ধরার ট্রলারে থাকা ওই জেলেদের উদ্ধার করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।

Thank you for reading this post, don't forget to subscribe!

রোববার সকালে গভীর সমুদ্রে ভারত-বাংলাদেশ সীমারেখার কাছে ভারতীয় জলসীমায় তাদের উদ্ধার করা হয়। দুটি ট্রলার ঝড়ে উল্টে ডুবে গেছে ও একটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ভারতের কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, নিয়ন্ত্রণহীন অবস্থায় বাংলাদেশী ট্রলারগুলি ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে পড়েছিল। উপকূল রক্ষী বাহিনীর ডর্নিয়ার এয়ারক্রাফট গভীর সমুদ্রের বিচ্ছিন্ন এলাকায় দুর্যোগের সময় থেকেই আকাশপথে অনুসন্ধান চালাচ্ছে।

এ ছাড়া বাহিনীর দুটি উদ্ধারকারী জাহাজ আইসিজিএস আনমোল এবং আইসিজিএস ভরত পানিতে থেকে নিখোঁজ মৎস্যজীবীদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর পশ্চিমবঙ্গের ডিআইজি পঙ্কজ ভার্মা।

তিনি জানান, উদ্ধার করা মৎস্যজীবীরা বাহিনীর উদ্ধারকারী জাহাজে আছে। তাদেরকে আজই রাজ্য পুলিশের হাতে তুলে দেয়া হবে এবং দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

উল্লেখ থাকে যে, এর আগে গেল শনিবার আরও ১১জন বাংলাদেশি মৎস্যজীবীকে ভারতের জলসীমা থেকে উদ্ধার করা হয়।

Loading