শেরপুরে যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রীকে নির্যাতনের এক মামলায় আল-আমিন (৩০) নামে এক পুলিশ কনস্টেবল স্বামীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (২২ আগস্ট) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান এই রায় ঘোষনা করেন।
রায়ে আল-আমিনের উপস্থিতিতে তাকে সংশ্লিষ্ট আইনের ১১ (গ) ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আল-আমিন নকলা উপজেলার পশ্চিম নকলা এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে। তিনি রাজধানী ঢাকায় কর্মরত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৯ সালের ২৪ জুন আল-আমিন কর্মস্থল থেকে ছুটিতে নিজ বাড়িতে ফিরে স্ত্রী দুই সন্তানের জননী মিনারা বেগমের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু মিনারা মৃত পিতার কষ্টের সংসার থেকে যৌতুকের দাবি পূরণে অস্বীকার করলে আল-আমিন তাকে পিটিয়ে আহত করে।
পরে হাসপাতালে চিকিৎসা শেষে পরদিন থানায় মামলা দিতে ব্যর্থ হয়ে ২৭ জুন আল-আমিন ও তার মা আনোয়ারা বেগমকে আসামী করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মিনারা বেগম। তদন্ত শেষে পরের বছরের ১ এপ্রিল একমাত্র আল-আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার তৎকালিন এসআই রাজীব ভৌমিক।
ওই মামলায় বিচারিক পর্যায়ে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারী অভিযোগ গঠন করা হয় এবং বাদী-ভিকটিম, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চলতি বছরের ১৭ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক গ্রহণ করা হয়।
![]()