রাজধানীর হাতিরঝিল থানায় মারা যাওয়া সুমন শেখের মরদেহ নিয়েছে পরিবার। দুদিন তার মরদেহ রাখা ছিল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সোমবার বিকেলে সুমনের বাবা হাসপাতালের মর্গে পুলিশের কাছ থেকে মরদেহ নিয়ে যান। সেখান থেকে মৃতদেহ রামপুরায় নেওয়া হবে। এর আগে পরিবারের কাছে লাশ হস্তান্তরের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে হাতিরঝিল থানায় ‘আলোচনায়’ বসেন সুমনের বাবা ও ভাই।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক বলেন, পৌনে ৩টায় হাসপাতালের মর্গে থেকে সুমনের মরদেহ তার বাবা গ্রহণ করেন।
এদিকে সুমনের সম্বন্ধী মোশাররফ বলেন, সুমনের স্ত্রীকে ছাড়া পুলিশ কীভাবে মরদেহ হস্তান্তর করেছে। এ কদিন তো সুমনের বাবাকে আমরা দেখিনি। সুমনের বাবার মানসিক সমস্যা রয়েছে। তাকে যে যেভাবে বুঝায়, তিনি সেভাবে কাজ করেন কোনো ধরনের চিন্তা না করে।
চুরির মামলায় শুক্রবার বিকেলে গ্রেপ্তার হন সুমন শেখ। ওই দিন গভীর রাতে থানা হাজতে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। তবে সুমনের স্ত্রীর দাবি সুমনকে হত্যা করা হয়েছে। এরপর সুমনের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে পরিবার থেকে মরদেহ নিতে অস্বীকৃতি জানানো হয়।
![]()