২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৯
শিরোনাম:

নিহত আরও ১৪ পরিবারকে এক কোটি ৪০ লাখ টাকা দিলো বিএম ডিপো

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত আরও ১৪ জনের পরিবারকে এক কোটি ৪০ লাখ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেছে ডিপো কর্তৃপক্ষ। বুধবার (২৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক দেওয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ এসব চেক নিহতদের পরিবারের মধ্যে হস্তান্তর করেন। সবমিলিয়ে দুদফায় এ পর্যন্ত নিহত ৪০ ও আহত ৭৯ জনের পরিবারকে ক্ষতিপূরণের চেক দেয় ডিপো কর্তৃপক্ষ। বাকি মরদেহের ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসলে তাদের পরিবারেও চেক দেওয়া হবে বলে জানিয়েছেন বিএম ডিপো কর্তৃপক্ষ।

এর আগে ৪ জুন বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেয় ডিপো কর্তৃপক্ষ। তারা নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা, ফায়ার সার্ভিসের নিহত সদস্যদের ১৫ লাখ টাকা ও আহতদের পরিবারকে চার থেকে ছয় লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিল। এরপর থেকে দ্বিতীয় দফা চেক বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ বলেন, ঘটনার পর থেকে প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিরা মিলে বারবার চেষ্টা করেছি কীভাবে এ ক্ষতি কেটে ওঠা যায়। কিন্তু অর্থ দিয়ে জানমালের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। নিহতের পরিবার যাতে একটু মাথা তুলে দাঁড়াতে পারে সেজন্য এ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।

আশার কথা বিএম ডিপো কর্তৃপক্ষ হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করেছেন। তারা শুরু থেকেই মানুষ, ব্যবসায়ী ও সমাজের অংশ হিসেবে পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করছে। হতাহতের পরিবারগুলো যে এমন দুর্যোগে ধৈর্য ধরেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। আমরা এসব পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

চেক বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্মার্ট গ্রুপের ম্যানেজার (এইচআর ও কমপ্লায়েন্স) মো. সাকিব, ম্যানেজার (মার্চেন্ডাইজার) মো. আউয়াল হোসেন সৈকত, এক্সিকিউটিভ একাউন্ট মো. তৈয়ব হিরু, সহকারী ব্যবস্থাপক (এইচআর) মো. ইমরান হোসেন প্রমুখ।

 

Loading