২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৩
শিরোনাম:

হাসপাতালে রোগী দেখছেন অ্যাম্বুলেন্সচালক!

নাটোরের লালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসকের ভূমিকায় দেখা গেছে অ্যাম্বুলেন্সচালক আমজাদ হোসেনকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার রাত ৮টার দিকে তার চিকিৎসা দেয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় নানা সমালোচনা।

ছবিতে দেখা যায়, হাসপাতাল কেন্দ্রিক বেসরকারি অ্যাম্বুলেন্সচালক আমজাদ কানে স্টেথোস্কোপ লাগিয়ে জরুরি বিভাগে রোগী দেখছেন।

এ বিষয়ে হাসপাতালের আরএমও সুরুজ্জামান শামীম অভিযোগ করে জানান, বেসরকারি অ্যাম্বুলেন্সচালক আমজাদ হাসপাতাল চত্বরে দালালি করে। স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় কোনো কোনো স্টাফদের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে। হাসপাতালে রোগী আসলেই আগবাড়িয়ে সে তাদের সঙ্গে পরিচিত হয় আমজাদ এবং তাদের সমস্যা সমাধান করার কথা বলে আর্থিক সুবিধা নেয়।

জরুরি বিভাগের ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন, ‘রোগীর খোঁজ নিতে রাউন্ডে ছিলাম। এ সুযোগে আমজাদ জরুরি বিভাগে ঢুকে থাকতে পারে।’

হাসপাতাল চত্বরে দালালির কথা অস্বীকার করে অ্যাম্বুলেন্সচালক আমজাদ জানান, রাত সাড়ে ৭টার দিকে পাশের মোমিনপুর এলাকার মারামারিতে আহত এক রোগী আসে। এ সময় একজন চিকিৎসক তাকে ওই রোগীর প্রেসার মাপতে বলেন। এ সময় কেউ জানালা দিয়ে গোপনে ছবি তুলে ফেসবুকে ছেড়েছে।

জরুরি বিভাগে তিনি এই কাজ করতে পারেন কিনা এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম শাহাবুদ্দিন জানান, বাইরের কেউ কোনোভাবেই জরুরি বিভাগে রোগী দেখতে পারেনা। বিষয়টি তদন্ত করে আমজাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিভিল সার্জন রোজী আরা খাতুন বলেন, ‘অ্যাম্বুলেন্সচালক জরুরি বিভাগে রোগী দেখছেন, এটাতো হওয়ার কথা না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে সবসময় চিকিৎসক থাকার কথা। অ্যাম্বুলেন্স চালকের রোগী দেখার কোনো বৈধতা নাই। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Loading