মা ইলিশ সংরক্ষণে অভিযানে গিয়ে বরিশালের হিজলায় জেলেদের হামলায় আহত হয়েছেন উপজেলা মৎস কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ ২০ জন। এ ঘটনায় হামলাকারীদের মধ্যে ৯ জনকে আটক করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হিজলা উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে এই হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা এম এম পারভেজ জানান, তার নেতৃত্বে ১৬ পুলিশ সদস্যসহ মোট ২০ জনের একটি অভিযানিক দল ট্রলার ও স্পীড বোট নিয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোরে খালিশপুর সংলগ্ন মেঘনা নদীতে যান। সেখানে ইলিশ আহরণকারী জেলেদের কাছাকাছি হওয়া মাত্রই অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়।
আহত মৎস কর্মকর্তা বলেন, আকস্মিক জেলেদের ট্রলার থেকে বাঁশ দিয়ে আমাদের অভিযানিক দলের ওপর হামলা চালানো হয়। এসময় আরও অনেক নৌকা নিয়ে জেলেরা আমাদের দিকে ছুটে আসে। তখন পরিস্থিতি শান্ত করতে পুলিশ দুই রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। তবে তার আগেই আকস্মিক হামলায় আমরা ২০ জন সবাই কম-বেশি আহত হই। আর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন থানা পুলিশের কনেস্টেবল মাহফুজ।
তিনি বলেন, হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্পীড বোটের সহায়তায় ধাওয়া দিয়ে হামলাকারীদের মধ্যে ৯ জনকে আটক করা হয়। আর এই হামলার ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা জানান, চারদিক থেকে অর্ধশতাধিক নৌকা নিয়ে আমাদের অভিযানিক দলকে ঘিরে ফেলে হামলা চালানো হয়। এতে কনেস্টেবল মাহফুজ গুরুত্বর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হামলায় অভিযানিক দলে থাকা সবাই কম-বেশি আহত হয়েছেন। যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় ৯ জন আটক রয়েছেন, বাকিদের আটকের চেষ্টা চলছে।
![]()