ব্রুনাই দারুসসালামের সঙ্গে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ ‘এয়ার সার্ভিস এগ্রিমেন্ট’ চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ব্রুনাইয়ের পক্ষে চুক্তিটিতে সই করেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রী এবং ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।
সমঝোতার মধ্যে ‘বাংলাদেশি জনশক্তি নিয়োগ’ বিষয় স্মারকে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং ব্রুনাইয়ের পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদিন বিন হাজি আবদুল রহমান সই করেন।
‘তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং প্রেটোলিয়াম পণ্য’ সরবরাহ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও ব্রুনাই। এ সমঝোতা স্মারকে ব্রুনাইয়ের পক্ষে সই করেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রী এবং ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ। বাংলাদেশের পক্ষে এতে সই করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
‘রিকগনিশন অব সার্টিফিকেট ইস্যুড আন্ডার দ্য প্রভিশন্স অব দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্ট্যান্ডার্ডস অব ট্রেনিং, সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচ কিপিং ফর সিফেয়ারস, ১৯৭৮ অ্যাজ অ্যামেন্ডেড’ শিরোনামের তৃতীয় সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ব্রুনাইয়ের পক্ষে এ সমঝোতা স্বারকে সই করেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রী এবং ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।
এর আগে আজ বিকেলে বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্যদিকে, সফররত ব্রুনাই দারুসসালাম সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
![]()