চেক প্রতারণার দুই মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম। এর আগে, গত ৭ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি চেক প্রতারণার অভিযোগে এই মামলা দুটি দায়ের করেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আসামিদের প্রতি সমন জারি করলে মঙ্গলবার (১৮ অক্টোবর) আসামিরা হাজির না হওয়ায় আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
একটি মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ৫ ও ৭ জুন তিনটি মোটরসাইকেল কেনার জন্য মামলার বাদী আলেশা মার্টে অর্ডার দিয়েছিলেন। পরে বিবাদী অর্ডার করা মোটরসাইকেল দিতে ব্যর্থ হন এবং মামলার আসামি ন্যাশনাল ব্যাংক লিমিটেড গুলশান করপোরেট শাখায় ৪ লাখ ২৩ হাজার টাকার দুটি চেক দিয়েছেন। পরে বাদী গত ২০ জুন চেক নগদায়নের ব্যাংকে যান। বাদীর নিজ নামের ডাচ্-বাংলা ব্যাংক ইব্রাহিমপুর শাখায় চেক দুটি জমা দিলে তা ডিজঅনার হয়। পরে গত ১৭ জুলাই আসামির প্রতি লিগ্যাল নোটিশ ইস্যু করা হয়। এরপর টাকা না পাওয়ায় এই মামলা দায়ের করেন বাদী। অপর আরেক মামলাতেও চেক জালিয়াতির অভিযোগ করেছেন বিবাদী।
![]()