বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এতদিন হরতাল-ধর্মঘট করতো বিরোধী দল, এখন করছে সরকারি দল- তা দেখে মানুষ হাসছে। সাধারণ মানুষের কষ্ট নিয়ে রসিকতা করতেও তাদের (সরকারের) বুক কাঁপে না। খুলনায় ঐতিহাসিক জনসভা হয়েছে। সে সভায় মানুষ যাতে আসতে না পারে সেজন্য সরকার নিজেদের লোক দিয়ে বাস ও লঞ্চ ধর্মঘট করিয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মোংলায় আহত দলীয় নেতাকর্মীদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।এসময় রিজভী বলেন, ‘আওয়ামী লীগের অধীনে ছেলে খেলা নির্বাচনে বিএনপি যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।’
খুলনার জনসভায় যোগ দিয়ে ফিরে আসার সময় বিএনপির নেতাকর্মীরা সরকার দলের নেতাকর্মীদের দ্বারা মারধরের শিকার হয়েছেন দাবি করে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের দেখতে এসেছি।’ এদিন সন্ধ্যায় মোংলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিন্নাত সানা, যুবদল কর্মী জসিম গাজী ও মাসুমকে দেখতে বটতলায় আসেন রিজভী।
এ সময় তার সঙ্গে ছিলেন- মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদ রিয়াদ, সদস্য সচিব এম এ কাশেম, বিএনপি নেতা আবু হেসেন পনি, মো. আলাউদ্দিন, বাবলু ভূঁইয়া ও আব্দুস সালাম ব্যাপারী প্রমুখ।
![]()