৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৮
শিরোনাম:

ভিন্ন নামে নিবন্ধনের আবেদন করেছে ‘জামায়াত’

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামের নতুন একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। তবে অভিযোগ উঠেছে, উচ্চ আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীই নতুন নামে এ দলটি নিবন্ধনের আবেদন করেছে। দলের নেতৃত্বেও রয়েছেন জামায়াত নেতারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বুধবার দুপুরে নিবন্ধনের জন্য বিডিপির জেনারেল সেক্রেটারি মো. কাজী নিজামুল হক স্বাক্ষরিত এক আবেদনপত্র ইসিতে জমা দেওয়া হয়। আবেদনের সঙ্গে ইসির শর্তসংক্রান্ত যাবতীয় তথ্য সংযুক্তি আকারে দিয়েছে দলটি।

মো. কাজী নিজামুল হক জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মপরিষদ সদস্য। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা বলেও অনেকেই দাবি করছেন।

ইসিতে আসা দলটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আশাকরি আমরা নির্বাচন কমিশনে নিবন্ধিত হবো এবং রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত হবো। আমি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান দলের সভাপতি। আমার দলের জেনারেল সেক্রেটারি মো. কাজী নিজামুল হক। আমাদের দলের নাম বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। আমাদের সঙ্গে নতুন প্রজন্ম আছে। আমরা ইনশাআল্লাহ আরেকটু অর্গানাইজড (সংগঠিত) হয়ে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব।’

আনোয়ারুল ইসলাম চান বলেন, ‘আমাদের দলের সবাই তরুণ প্রজন্মের। এখানে কোনো যুদ্ধাপরাধী নেই। জামায়াতের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই। আমি এখন কিছু বলতে চাই না। পরে ডিটেইল বলব। আমাদের বিষয়টি আমরা পরিস্কার করব।’

বিডিপি সভাপতি বলেন, ‘দেশের সংবিধান মেনে আমরা রাজনীতিতে এসেছি। সংবিধানের প্রতিটি শব্দকে আমরা সম্মান করি এবং সেটা লালন করেই আমরা রাজনীতি করি। মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা আছেন, তাদের নিয়েই দল গঠন করা হয়েছে।’

জামায়াতে ইসলামীর অনেকেই আপনাদের সঙ্গে সম্পৃক্ত- এমন অভিযোগের ব্যাপারে আনোয়ারুল ইসলাম চান বলেন, ‘না না। আমরা বিষয়গুলো আপনাদের বিস্তারিত কথা বলব। যা আছে আমরা পরিস্কার করবো। আজকে এ বিষয়ে আমরা কোনো কথা বলব না।’

তিনি বলেন, ‘আমরা নিবন্ধনের জন্য এসেছি, নিবন্ধনের যতগুলো রিকোয়ারমেন্ট আছে সবগুলো ফুলফিল করে এসেছি। আশাকরি এখান থেকে নিবন্ধন পাব।’

এর আগে আজ সকালে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘জামায়াতের কেউ যদি যুদ্ধাপরাধী না হয় এবং তাদের গঠনতন্ত্র যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তাহলে শর্ত পূরণ করে ভিন্ন নামে তাদের নিবন্ধন পেতে কোনো বাধা নেই।’

Loading