৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৫
শিরোনাম:

জামায়াতের বিচারে কিছুদিনের মধ্যে আইন পাস হবে: আইনমন্ত্রী

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারে কিছুদিনের মধ্যে আইন পাস হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাব–রেজিস্ট্রারদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জামায়াতে ইসলামী। বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন যে দল আবেদন করেছে, সেটাও ওই পরিকল্পনার অংশ কি না, তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। বিডিপির সঙ্গে সম্পৃক্ততা জামায়াত স্বীকার করছে না। তবে নতুন দলটির নেতারা সবাই জামায়াত-শিবিরের নেতা।

ভিন্ন নামে দল গঠনের তৎপরতায় মধ্যে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামীর বিচারের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রথম কথা হচ্ছে, আমরা মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচার করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই বিচার করে দেখিয়েছে, এই বিচার আওয়ামী লীগ সরকার করে এবং অনেক রায় কার্যকরও হয়েছে। জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইনের পরিবর্তন দরকার হবে, সেটা আগেই বলেছি। আইনের সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যে এই আইন পাস করবো। তারপর বিচার কার্যক্রম শুরু হবে।

Loading