জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘দেশের মানুষ যেন খাঁচায় বন্দি হয়ে আছে। দেশের মানুষকে মুক্তি দিতে হবে। দেশের মানুষকে মুক্তি দিতে দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে।’
Thank you for reading this post, don't forget to subscribe!আজ মঙ্গলবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন জি এম কাদের। জাতীয় যুব সংহতি এ সভার আয়োজন করে।
জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন জাতীয় যুব সংহতির সদস্যসচিব ও জাতীয় পার্টির ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘স্পিকারের আশ্বাসে সংসদে ফিরেছে জাতীয় পার্টি। বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে স্পিকার সময় চেয়েছেন। সমাধান না হলে আমাদের হাতে বিকল্প অপশন আছে।’
জি এম কাদের বলেন, ‘বিভক্তি সৃষ্টির জন্য ষড়যন্ত্র শুরু হয়েছিল। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘সোনার খাঁচায় বন্দি একটি পাখি কখনোই সুখী হতে পারে না। ঠিক তেমনই, অধিকার ছাড়া কোনো দেশের মানুষ ভালো থাকতে পারে না। দেশের মানুষের কোনো অধিকার নেই। দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে।’
তিনি বলেন, ‘দেশের মানুষ চায়, তারা ভোটাধিকার প্রয়োগ করে ইচ্ছেমতো কাউকে ক্ষমতায় বসাবেন। আবার, অপছন্দ হলে তাকে ভোটাধিকার প্রয়োগ করে ক্ষমতা থেকে সরিয়ে দেবেন। মানুষের ভোটাধিকার অকার্যকর করা হয়েছে। মানুষ প্রতিবাদ করতে পারছে না, বিক্ষোভ করতে পারছে না। দেশের গণমাধ্যমও অকার্যকর হয়ে যাচ্ছে। ইচ্ছে করলেই, সঠিক তথ্য প্রকাশ করতে পারছে না গণমাধ্যম। সাধারণ মানুষ হচ্ছেন দেশের মালিক। তাদের মালিকানা ছিনতাই হয়ে গেছে। দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে।’
এসময় জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশে ৫ কোটি বেকার দুর্বিষহ জীবনযাপন করছে। বেকারদের নিয়ে সরকারের কোনো ভাবনা নেই। সরকারি দলের লোকেরা বেহেশতে আছেন, তারা বেকারদের কষ্ট বোঝেন না। ব্যবসা, বিদ্যুৎ ও বিদুতের নামে ক্যাপাসিটি চার্জ দেখিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে।’
তিনি বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ শুধু ক্ষমতায় যেতে ব্যস্ত। দেশের মানুয়ের কষ্ট নিয়ে তাদের কোনো মাথাব্যাথা নেই। আমরা মানুষের সব অধিকার নিশ্চিত করতেই রাজনীতি করছি।’
এসময় আরও বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আখতার, যুব নেতাদের মধ্যে বক্তব্য দেন মো. হেলাল উদ্দিন, হেলাল উদ্দিন, দ্বীন ইসলাম শেখ, শেখ সারোয়ার, শফিকুল ইসলাম দুলাল, নেওয়াজ আলী ভূঁইয়া প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মনির আহমেদ, আমিনুল ইসলাম মন্ডল, জাপার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, জাহাঙ্গীর আলম পাঠান, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আমির হোসেন ভূঁইয়া, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ।
![]()