২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫০
শিরোনাম:

এসএসসি’র প্রশ্নফাঁস: ৬ শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত, একজন বরখাস্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষক-কর্মচারীর এমপিও স্থগিত করা হয়েছে। একইসঙ্গে জড়িত এক শিক্ষককে চুড়ান্ত বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত চিঠিতে গত ১ নভেম্বর এ আদেশ দেয়া হয়।

আদেশে বলা হয়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়জন শিক্ষক-কর্মচারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ধারা ১৮.১(গ) এর পরিপন্থী অপরাধের জন্য তাদের এমপিও স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা হলেন প্রধান শিক্ষক লুৎফর রহমান, ইংরেজী বিষয়ের সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান, কৃষি বিষয়ের সহকারী শিক্ষক মো. হামিদুর রহমান, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মো. সোহেল আল মামুন, অফিস সহকারী মো. আবু হানিফ এবং ৪র্থ শ্রেণির কর্মচারী মো. সুজন।

এসব শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালককে বলা হয়েছে।

আদেশে একই বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ের খন্ডকালীন সহকারী শিক্ষক জুবাইর হোসনকে বরখাস্ত করতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির প্রতি অনুরোধ করা হয়েছে।

এদিকে প্রশ্নফাঁসের ঘটনার মামলায় এমপিও স্থগিত হওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছে। বাকি পাঁচজন কারাগারে রয়েছেন। দুই দফায় প্রধান শিক্ষক লুৎফর রহমান এবং সহকারী শিক্ষক আমিনুর ইসলাম রাসেল ও জুবাইর হোসেনকে দুই দিন করে রিমাণ্ডে নেয় পুলিশ। গ্রেপ্তার হওয়া শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করেছে। একই ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

Loading