৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৮
শিরোনাম:

অনির্বাচিত সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করবে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ : মির্জা ফখরুল

বিএনপি ও গণতন্ত্র মঞ্চ অনির্বাচিত সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের লক্ষ্যে যুগপৎ আন্দোলন করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি ও সাত দলের জোট গণতন্ত্র মঞ্চের সংলাপ শেষে এ কথা বলেন।

সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে একটা জাতীয় আন্দোলন এবং ঐক্য সৃষ্টি করে একটা গণ-অভ্যুত্থান সৃষ্টির লক্ষ্যে আমরা একযোগে যুগপৎ আন্দোলন গড়ে তুলব। এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। ইতিমধ্যে এই কাজ শুরু হয়েছে।

বিএনপির মহাসচিব আরও বলেন, রাষ্ট্রের যে পরিবর্তনগুলোর কথা আমরা বলেছি, সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত আলোচনা করে; আশা করি সেগুলো নিয়েও একমত হতে পারব এবং একই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারব। পরবর্তী সময়ে আরও কয়েকটি আলোচনা হবে এবং আমাদের আলোচনা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি।

আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতনের লক্ষ্যে বাংলাদেশের জনগণের মধ্যে প্রচণ্ড উদ্যম সৃষ্টি হয়েছে জানিয়ে ফখরুল বলেন, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি, এই সরকারের পতনের লক্ষ্যে একটা বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি হবে। যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতনের আন্দোলনকে আরও বেগবান করতে পারব এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে পারব।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য গড়ে তোলার কাজ দ্রুত গতিতে চলছে জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে ২২টি দলের সঙ্গে কথা বলেছি। গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটি দলের সঙ্গে আমরা আলাদাভাবে কথা বলেছি। আজ আমরা দ্বিতীয় ধাপে গণতন্ত্র মঞ্চের জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছি।

তিনি আরও বলেন, স্বাধীনতার যে লক্ষ্য ছিল, আশা-আকাঙ্ক্ষা ছিল সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একটা ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, একনায়কতন্ত্র সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের জনগণ যে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে একসময় মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে তুলেছিল সেই রাষ্ট্রের মালিকানা তাদের হাতে নেই।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা তিনটা বিষয় খুব পরিষ্কারভাবে বলছি, এই সরকারের পদত্যাগ চাই, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও তার অধীনে নির্বাচন এবং বাংলাদেশের শাসনব্যবস্থার বদল চাই।

সংলাপে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন—দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। গণতন্ত্র মঞ্চের পক্ষে আরও উপস্থিত ছিলেন—জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।

 

Loading