২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৫
শিরোনাম:

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে গণমাধ্যমকর্মী ও পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ রোববার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে এশিয়ান টিভির ক্যামেরপার্সন সাজ্জাদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চাটখিল বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ ৮ বছর পর আজ সকালে উপজেলার পাঁচগাও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর ২টার দিকে সম্মেলন শেষ হয়। বিকেলে নতুন কমিটি গঠনের জন্য উপজেলা পরিষদ ভবনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে নতুন সভাপতি, নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক, সহসভাপতি হিসেবে বেলায়েত হোসেন ও মোহাম্মদ উল্যাকে সহসাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

নতুন কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পদ প্রত্যাশী অন্য প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উপজেলা চত্বরে পদপ্রাপ্ত ও প্রত্যাশীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। কয়েক দফায় চলা এ ধাওয়া-পাল্টা ধাওয়া থেমে থেমে সংঘর্ষে পরিণত হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কয়েকজন পুলিশ ও ছবি তুলতে গিয়ে আহত হন একজন গণমাধ্যমকর্মী। ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা ও মোবাইল ফোন। দফায় দফায় চলা সংঘর্ষে ইটপাটকেল ও লাঠির আঘাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান সাবেক সাংসদ মাহমুদুর রহমান বেলায়েত, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা খানম সাকি, স্থানীয় সাংসদ এ এইচ এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ্ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, ফেনী সদর আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সম্মলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল কুদ্দুসসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতারা।

Loading