৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩০
শিরোনাম:

আর্জেন্টিনাকে হারিয়ে সর্বকালের সেরা সাফল্য চায় ক্রোয়েশিয়া

রাতে ১টায় সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে ক্রোয়েশিয়া। এই ম্যাচে আলবিসেলেস্তেদের হারিয়ে সর্বকালের সেরা সাফল্য পাওয়ার স্বপ্ন বুনছে ক্রোয়াটরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে খেলতে আসা আর্জেন্টিনা গ্রুপপর্বের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়। ওই ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারার পর তেতে ওঠে মেসি বাহিনী। অধিনায়ক মেসিও আছেন ভালো ফর্মে। এখন পর্যন্ত ৪টি গোল করেছেন তিনি। তাই ফাইনালে ওঠার লড়াই যে কঠিন পরীক্ষা হবে, সেটি মেনেই নিয়েছেন ক্রোয়েশিয়ার কোচ লাতকো দালিচ। তবে জয়ের ব্যাপারে তিনি আশাবাদি।

এক সংবাদ সম্মেলনে ক্রোয়েশিয়ার কোচ লাতকো দালিচ বলেন, আর্জেন্টিনার এই দলটি ইতিহাসের সেরা দলগুলোর কাতারেই থাকবে। আমরা তাদের বিশ্লেষণ করেছি, জানি তারা কীভাবে খেলে এবং কীভাবে খেলাটি এগিয়ে নিতে চায়। তবে বরাবরের মতোই আমি আশাবাদী। আমার খেলোয়াড়দের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।

তিনি আরও বলেন, ক্রোয়েশিয়া জিতলে এটি হবে সর্বকালের সেরা সাফল্য। ইতিহাসের সেরা দলগুলোর একটির বিপক্ষে খেলব আমরা, আমাদের ম্যাচটা উপভোগ করতে হবে।

এর আগে, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সাক্ষাত হয় আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার। গ্রুপপর্বের ম্যাচে আলবিসেলেস্তেদের ৩-০ গোলে হারিয়েছিল ক্রোয়াটরা। এবারও তেমন কিছু হয় কিনা, সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে রাত ১টার ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। তবে ক্রোয়েশিয়ার কোচ দালিচ মনে করেন, গুরুত্ব বিবেচনায় তাদের এবারে চ্যালেঞ্জ ভিন্ন হবে। কারণ, দুটি দলই ফাইনালের জন্য লড়বে।

Loading