২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৯
শিরোনাম:

এমপি সমর্থকদের হামলায় আহত ১২, ককটেল বিস্ফোরণ

টাঙ্গাইলের গোপালপুরে কম্বল বিতরণ করতে যাওয়ার সময় স্থানীয় সংসদ সদস্যের সমর্থকদের হামলায় সাংবাদিকসহ ১২ জন আহত হয়েছেন। এ সময় দুইটি প্রাইভেটকার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে হামলাকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমনগর বোর্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আহত সাংবাদিকরা হলেন- ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, ডিবিসি টেলিভিশনের ক্যামেরা পারসন আশিকুর রহমান ও ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি ফরমান শেখ।

ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড মানুষকে জানানোর জন্য লিফলেট ও কম্বল বিতরণ করতে যাচ্ছিলাম। এ সময় স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের নির্দেশে তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।’

তিনি আরও বলেন হামলায় সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীরা দুইটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। তারা কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটিয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘হামলার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুই পক্ষকে দুই দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা আওয়ামী লীগকে না জানিয়ে ভূঞাপুরের মেয়রের এইভাবে কম্বল বিতরণ করা ঠিক হয়নি।’

Loading