৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৬
শিরোনাম:

বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুরে অপহরণ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন গ্রেফতার

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

Thank you for reading this post, don't forget to subscribe!

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ভ্রমণ শেষে বাড়ি ফেরার সময় তিন ভাইকে অপহরণ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ মাসুদ রানাকে আটক করেছে র‌্যাব – ৫।

৫ই মার্চ, রবিবার দুপুর ২টায় বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় অপহরণের শিকার তিন ভাইকে উদ্ধার করা হয়। আটক মাসুদ রানা পাহাড়পুর এলাকার মোকলেছার আলীর ছেলে।

রবিবার বিকাল ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার দুপুর আড়াইটার দিকে ভিকটিম চন্দন কুজুর, সুশান্ত কুজুর এবং চঞ্চল কুজুর নিজ বাড়ি মামুদপুর এলাকা থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারে বেড়াতে যান। পরিদর্শন শেষে বাসায় ফেরার সময় অপহরণকারীর মূলহোতা মোঃ মাসুদ রানা ও পলাতক সহযোগী মোঃ মানিক হোসেন এবং মোঃ ওয়াহেদসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন ভিকটিমদের আটক করে মোবাইল ফোন, টাকাপয়সা ছিনতাই করে এবং তাদের এক বাঁশঝাড়ে আটকে রেখে তাদের বাসায় ফোন দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে।

পরবর্তীতে ভিকটিমদের বাবা অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ৪-৫ হাজার টাকা পাঠিয়ে দেন; কিন্তু তার ছেলেদের তার কাছে হস্তান্তর করতে টালবাহানা শুরু করে। এরপর ভিকটিমের বাবা রাজেন কুজুর বিষয়টি র‌্যাব ক্যাম্প জয়পুরহাটে এসে তার তিন ছেলেকে উদ্ধারের জন্য অভিযোগ করেন। অভিযোগের ওপর ভিত্তি করে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশন টিম ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধারপূর্বক অপহরণকারী চক্রের মূলহোতাকে আটক করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেলে মোঃ মানিক হোসেন, মোঃ ওয়াহেদ, সবুজ মিয়া ও অজ্ঞাতনামা ৪-৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পাহাড়পুর বৌদ্ধবিহারের পর্যটকদের নানাভাবে হয়রানি করে তাদের কাছ থেকে অর্থ আদায় করত বলে স্বীকার করে। আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, আটক আসামিকে রবিবার আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Loading