৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৫
শিরোনাম:

পিকনিকের জন্য ছাগল চুরি করায় ৭ কিশোরের মাথা ন্যাড়া

জামালপুরে মাদারগঞ্জে ছাগল চুরি করে পালানোর সময় সাত কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের সুখনগরী টেপুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের মাথা ন্যাড়া করে পুলিশে দিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আটক কিশোরা হলো- আসিফ (১৪), রফিক (১৫), মোরসালিন (১৫), তানভীর (১৪), তাসিন (১৫), কাউসার (১৬) ও তাজেল (১৪)। তাদের সবার বাড়ি উপজেলার বালিজুরের ইউনিয়নে। আটকরা বলছে, ছাগল নিয়ে পিকনিক করত তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে উপজেলার সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর ছাগল নিয়ে মাইক্রোবাসে পালাচ্ছিল সাত কিশোর। স্থানীয়দের সন্দেহ হলে মাইক্রোবাসের পেছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। পরে টেপুর মোড়ের লোকজন মাইক্রোবাসটির গতিরোধ করে। তখন ছাগলসহ ওই সাত কিশোরকে আটক করে স্থানীরা। তারা ছাগল চুরি করে পিকনিক করতে যাচ্ছে বলে স্বীকার করে। পরে স্থানীয় লোকজন তাদের মাথা ন্যাড়া করে পুলিশে দেয়।

বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লাজু মিয়া বলেন, ‘ছাগল চুরি করে মাইক্রোবাসের মধ্যে নিয়ে পালানোর সময় ছাগলের গলার দড়ি (রশি) দরজা দিয়ে বের হয়েছিল। স্থানীয়দের দেখে সন্দেহ হলে পরে আটক করলে দেখতে পায় গাড়িতে দুটি ছাগল। তারা ছাগল চুরি করে পিকনিক করতে যাচ্ছে বলে স্থানীয়দের কাছে স্বীকার করেছে।’

জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, ‘আটকরা থানায় রয়েছে। এখনো বাদী আসেনি। বাদী অভিযোগ করলে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে। আটকদের সবার বয়স ১৬ বছরের কম।’

Loading