৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৬
শিরোনাম:

গর্ভবতী গাভী চুরি, পাঁচ মাস পর বাছুরসহ ফেরত দিলো চোর!

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে প্রায় পাঁচ মাস আগে গর্ভবতী একটি গাভী চুরি হয়। রোববার (১২ মার্চ) ভোরে বাছুরসহ গাভীটি ফেরত দিয়ে গেছে চোর। স্থানীয়রা জানান, চোরের মনে সুমতি আসায় বা রহস্যজনক কোনও কারণে গরু ও বাছুরটি ফিরিয়ে দিয়ে গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গরুর প্রকৃত মালিক শাহজাহান আলী ওই গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে। তিনি নরসিংদী সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি করেন।

জানা যায়, প্রায় পাঁচ মাস আগে বাড়ির পাশে বেঁধে রাখা ক্রস জাতের গাভীটি চুরি করে নিয়ে যায় চোর। চুরি হওয়ার সময় গাভীটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। প্রায় দেড় লাখ টাকা মূল্যের গাভীটি হারিয়ে পরিবারটি বেশ বেকায়দায় পড়ে।

স্বজনরা আশপাশের বাজার ও গ্রামে গ্রামে খুঁজে বেড়ান। তবে গাভীটি পাওয়া যায়নি। রোববার ভোরে বাড়ির পেছনে গাছে বাঁধা অবস্থায় বাছুরসহ গাভীটি পাওয়া যায়।

শাহজাহানের ছেলে সাব্বির বলেন, ‘এতদিন পর গাভীটি ফিরে পাওয়ায় অনেক আনন্দিত হয়েছি। সঙ্গে অবাকও হয়েছি। তবে গরুটির আগের মতো স্বাস্থ্যে নেই। যত্নের অভাবে অনেকটা শুকিয়ে গেছে।’

এদিকে, গরু ফিরে পাওয়ার খবরে নরসিংদী থেকে বাড়ি ছুটে এসেছেন শাহজাহান আলী। তিনি বলেন, ‘গাভীটি চুরি হওয়ার পর প্রতি ওয়াক্ত নামাজ পড়ে গরু ও বাছুরটির নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি।’

তিনি আরও বলেন, ‘রোববার সকালে ছেলে মুঠোফোনে বিষয়টি জানায়। বাড়ি আসবো আসবো করছিলাম। খবর পেয়ে আজই চলে এসেছি। গরুটি যে চুরি করেছিল, তার সুমতি হয়েছে দেখে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন।’

Loading