৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৬
শিরোনাম:

ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই, আরও ২ জন রিমান্ডে

রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী আকাশ আহমেদ বাবুলসহ দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামি হলেন মিলন মিয়া।

Thank you for reading this post, don't forget to subscribe!

মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক সাজু মিয়া আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে রোববার এ মামলায় গ্রেপ্তার আটজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা হলেন চালক আকাশ, ইমন ওরফে মিলন, সাগর মাতুব্বর, এনামুল হক বাদশা, সানোয়ার হোসেন, বদরুল আলম, মিজানুর রহমান ও সনাই মিয়া। মঙ্গলবার হৃদয় নামে এক আসামিরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা থেকে জানা যায়, ৯ ফেব্রুয়ারি একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলা দায়ের করেন।

Loading