৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪২
শিরোনাম:

ইভিএমে ভোট নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে নির্বাচন কমিশন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেরামতের জন্য টাকা চেয়ে আগামীকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।আনিছুর রহমান বলেন, ‘গত ১৫ মার্চের কমিশন বৈঠকে আমরা অর্থ মন্ত্রণালয়ে একটা চিঠি দেওয়ার জন্য বলেছি। ইভিএম মেরামতের জন্য এক হাজার ২৬০ কোটি টাকার মতো লাগবে। সেটা পাওয়া যাবে কি না, নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিতে বলেছি। সেটা রেডি হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) চিঠি দেওয়া হতে পারে।’

টাকার নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘আমরা অর্থবছর ভিত্তিক টাকা চাইব। চলতি অর্থ বছরে অর্ধেক, পরবর্তী অর্থ বছরে বাকি অর্ধেক দেওয়ার জন্য একটা প্রস্তাব আমরা পাঠাচ্ছি। যদি অর্থ বিভাগ টাকা সংস্থান করে তাহলে আমরা ইভিএমের ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হব। যদি টাকা না পাওয়া যায় তাতেও আমাদের সিদ্ধান্তে আসতে হবে কী করব। ব্যালটে কতটা করব বা ইভিএমে আদৌ করব কি না। কাজেই সবটাই নির্ভর করবে অর্থ প্রাপ্তির ওপর।’

কবে নাগাদ এই সিদ্ধান্ত নিতে পারবেন-এমন প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, ‘আমরা একেবারে অনির্দিষ্ট সময় পর্যন্ত বসে থাকবে পারব না। আমরা যদি টাকা হাতে পাই এরপরও ইভিএম প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) বলেছে তাদের ছয় মাস সময় দিতে হবে মেরামত করার জন্য। কাজেই আমরা তো মনে করি এখনই হাই টাইম।’

কতগুলো আসনে ইভিএমে করতে পারবেন- এমন প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, ‘সেটাও এখন পর্যন্ত পর্যালোচনা করে দেখিনি। যেগুলো আমাদের হাতে আছে সেগুলোসহই তো এক লাখ ১০ হাজার মেরামত যোগ্য। আরও ৪০ হাজার মেরামত করলেও ব্যবহারযোগ্য হবে না। কাজেই আমরা এক লাখ ১০ হাজারকেই মেরামত করব। আর যদি আংশিক পাওয়া যায় বা কী হবে সেটা ওপর নির্ভর করবে তখন।’

ইসির তথ্যমতে, দেড় লাখ ইভিএমের এক লাখ ১০ হাজার মেশিন মেরামত করতে হবে। পাশাপাশি বাকি ৪০ হাজার মেশিন ব্যবহারের প্রায় অযোগ্য। এক লাখ ১০ হাজার মেশিন মেরামতে ইভিএম প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) এক হাজার ২৬০ কোটি টাকা চেয়েছে।

Loading