৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৬
শিরোনাম:

দক্ষিণী তারকারাই মাতালো আইপিএল উদ্বোধনী মঞ্চ

৩১ মার্চ সন্ধ্যায় ঝাকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনয় শিল্পীরা তাদের পারফর্মেন্সের মাধ্যমে মাতিয়েছে উদ্বোধনী মঞ্চ। কিন্তু এবারের আয়োজনে দেখা যায়নি কোনো বলিউড তারকাকে। অরিজিৎ সিংয়ের কণ্ঠে কিছুটা বলিউডি উপস্থিতি থাকলেও এই শিল্পীর পরিচয় তিনি বাঙালি। বাকি যে তারকারা ছিলেন তাদের প্রায় সবাইই দক্ষিণী ইন্ডাস্ট্রির শিল্পী। এতে প্রশ্ন উঠেছে, তবে কি বক্স অফিসের প্রভাব আইপিএলেও পড়তে শুরু করলো?

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আইপিএলের এবারের সিজনের প্রথম খেলা। উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই অরিজিৎ সিং উঠেছেন মঞ্চে। বলিউডের তারকা শিল্পী হিসেবে পরিচিত হলেও তিনি প্রথম শুরুটা করেন গুজরাটি গান দিয়ে। এরপর অবশ্য বেশ কিছু বলিউডি হিট গান গেয়েছেন এই গায়ক। বলতে গেলে এবারের মঞ্চে বলিউডের অস্তিত্ব এটুকুই। এরপর একে একে মঞ্চে ওঠেন দক্ষিণী তারকা অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং রাশমিকা মান্দানা। দুজনেই পারফর্ম করলেন একের পর এক দক্ষিণী হিট গানের সঙ্গে।

ইদানীং সিনেমার মতো দক্ষিণী গানগুলোও ভারতজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। তাই তো অনুষ্ঠানে একটুও ছন্দপতন ঘটেনি। উল্টো মাঠের এনার্জি বেড়েছে। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর বদৌলতে ‘সামি সামি’ এবং ‘ও অন্তভা’র মতো গান এখন গোটা দেশ মাতিয়ে রেখেছে। শেষে রাশমিকা নাচলেন অস্কারজয়ী গান ‘নাটু নাটু’তেও। সঙ্গে নাচলেন পুরো গ্যালারির দর্শক!

একসময় বলিউড আর আইপিএল একে অপরের পরিপূরক ছিল। বিনোদন ও ক্রীড়ার জমজমাট প্যাকেজ তৈরি করে দর্শকের সামনে একটি চকমকি মোড়কে তুলে ধরা হয়েছিল আইপিএলকে। সেসময় বিনোদন বলতে সকলে বলিউডই বুঝতেন। বহু বলি-তারকাদের নিজস্ব দল থাকায় মাঠে তাদের সপরিবারে দেখাও যেত। চিয়ারলিডাররাও কোমর দোলাতেন বলিউড গানের সুরেই।

কিন্তু এখন সময় বদলেছে। উদ্বোধনী অনুষ্ঠানের গ্ল্যামার বাড়ানোর জন্য ভরসা এখন দক্ষিণেই। অন্তত এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।

Loading