৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩
শিরোনাম:

যুবলীগ-ছাত্রলীগ নেতা খুন, আওয়ামী লীগ নেতার নামে মামলা

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টায় নিহত আবদুল্লাহ আল নোমানের বড়ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

মামলায় প্রধান আসামি করা হয়েছে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জিহাদিকে। এ ছাড়া ১৮ জনের নাম উল্লেখ করে মোট ৩৩ জনকে আসামি করা হয়। ঘটনার দুদিন পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত পৌনে ১০টায় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় সন্ত্রাসীরা যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে খুন করেন। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারা মাথায় ও মুখে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারে হোসেন। এ ছাড়া মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বুধবার বাদ আছর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত নোমান সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং প্রস্তাবিত জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।

বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ছিলেন নিহত রাকিব। তিনি একই ইউনিয়নের নন্দীগ্রামের বাসিন্দা। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার স্ত্রী ও ৭ মাসের সন্তান রয়েছে।

লহ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, বাদীর করা এজাহার হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Loading