দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সঙ্গে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে তলবের কোনো সম্পর্ক নেই। বুধবার (১৭ মে) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
Thank you for reading this post, don't forget to subscribe!মো. মাহবুব হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে জাহাঙ্গীর আলমের বিষয়ে ২০২০ এবং ২০২২ সালের দুটি অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে এরই মধ্যে অনেকের বক্তব্য নেওয়া হয়েছে। অনেক কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে। অভিযোগের অনুসন্ধানের শেষ পর্যায়ে জাহাঙ্গীর আলমের বক্তব্য প্রয়োজন। এ কারণেই তাকে তলব করা হয়েছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
দুদক সচিব বলেন, ভুয়া ব্যাংক হিসাবে অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আগামী ২১ ও ২২ মে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছে।
দুদকের উপপরিচালক আলী আকবরের নেতৃত্বে দুটি আলাদা টিম জাহাঙ্গীর আলমকে তলব করেছে। টিমের অপর দুই সদস্য হলেন- দুদকের সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন ও মো. আশিকুর রহমান।
জানা যায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ হলো বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন। আরেকটি অভিযোগ হলো, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান ও কতিপয় ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ।
উল্লেখ্য, গত বছরের জুনে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রথম অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এ জন্য দুই সদস্যের টিম গঠন করা হয়। পরে তার বিরুদ্ধে দুদকে আরেকটি নতুন অভিযোগ জমা পড়ে।
![]()