৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৪
শিরোনাম:

কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম’ শীর্ষক অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৩ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ অধিবেশনে যোগ দেন তিনি। তার নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলও এতে অংশ নিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে তিন দিনের সফরে সোমবার (২২ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় দোহায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সফরে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া দেশটির জ্বালানি এবং বিনিয়োগবিষয়ক মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

গত তিন মাসে কাতারে প্রধানমন্ত্রীর দ্বিতীয়বারের এ সফরে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের উন্নয়ন ও অর্জনের ওপর বিশেষ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে ২৫ মে দেশে ফেরার কথা রয়েছে তার।

ব্লুমবার্গের সহায়তায় আজ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

ইকোনমিক ফোরামটির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে বিরূপ অর্থনৈতিক প্রতিক্রিয়া সমাধানের পথ খুঁজে বের করার কাজ চলছে।

 

Loading