৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩
শিরোনাম:

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

কলাপাড়ায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছেলে আলিফ মাহমুদ রুদ্রকে (২২) ত্যাজ্য ঘোষণা করেন তার বাবা মো. রাসেল মোল্লা।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাসেল মোল্লা তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, প্রিয় কলাপাড়া বাসী আসসালামু আলাইকুম। আমার ছেলে আলিফ মাহমুদ রুদ্র সে আমার সিদ্ধান্তকে উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণ তাকে আমার পরিবারের থেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলাম। আজ থেকে আমার পরিবারের কোন সদস্যদের সাথে তার কোন সম্পর্ক নাই। আমি নিজেও কোন রাজনীতিক দলের সাথে জড়িত নাই আগামীতে কোন দলের সাথে জড়িয়ে হবে না।

সরেজমিনে জানা যায় যে, কলাপাড়া ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আলিফ মাহমুদ রুদ্র। সে কলাপাড়া ৬ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার বাবা সাবেক কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। রুদ্রর চাচা রফিকুল ইসলাম কলাপাড়া পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

রাসেল মোল্লা বলেন, আমি আমার ছেলের জ্বালায় অতিষ্ট হয়ে গেছি, আমি আগে রাজনীতি করতাম, আমি রাজনীতিকে এখন পছন্দ করি না। আমার ছেলে ছাত্রলীগের রাজনীতি করুক সেটা আমি চাইনা। এইজন্য আমি তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছি। খুব শীঘ্রই কাগজ-কলমে তাকে ত্যাজ্য করা হবে।

আলিফ মাহমুদ রুদ্র বলেন, আমি আমার বাবার বাসাতে থাকি না, আমি ছোটবেলা থেকেই ছাত্রলীগকে পছন্দ করি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বেঁচে থাকতে চাই। আমি ছাত্রলীগের রাজনীতি করি এজন্য আহত হয়েছি কয়েকবার। পরিবারের সাথে আমার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক নেই। আমি ছাত্রলীগের নিবেদিত প্রাণ।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ত্যাজ্য করার বিষয়টি এটা তাদের পারিবারিক বিষয়। তারপরেও আলিফ মাহমুদ রুদ্র যদি বাংলাদেশ ছাত্রলীগের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকে তবে তদন্ত সাপেক্ষে অবশ্যই তাকে মূল্যায়ন করা হবে।

Loading