৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:১০
শিরোনাম:

চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে পাল্টা ব্যবস্থা হিসেবে চাল আমদানি করবে সরকার

বোরো মৌসুমে চালের বাম্পার ফলন হয়েছে, তাই বাজার অস্থিতিশীল হওয়ার কেনো কারণ নেই। তারপরও কেউ কারসাজির চেষ্টা করলে কঠোর অবস্থানে যাবে সরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার ‘বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা’ শীর্ষক এক সভায় এ কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সভায় উপস্থিত চালকল মালিকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, চালের বাজার স্থিতিশীল রাখেন, সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী সরকারি গুদামে চাল সরবরাহ যদি না করেন তবে সরকার চাল আমদানিতে যেতে বাধ্য হবে। সরকার আমদানিতে গেলে মিলারদের আর্থিক ক্ষতি হবে। একই সঙ্গে যে সব কৃষক লাভের আশায় ধান ধরে রেখেছে তাদেরও লোকসান হবে। এসময় যে সমস্ত মিল এগিয়ে আসবে তাদেরকে এ বি সি ক্যাটাগরিতে (মান নিয়ন্ত্রণ) চিহ্নিত করতে ইতিমধ্যেই খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে। এই মিলগুলোকে পরবর্তীতে সেভাবে মূল্যায়ন করা হবে বলেও মিলারদের উদ্দেশ্যে বলেন মন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, করোনা কালীন সময়ে বিপদগ্রস্ত মানুষকে সেবা করার সুযোগ রয়েছে। সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন।

২০১৭ সালে হাওড়ে বন্যার সময় সরকারিভাবে চাল সংগ্রহ বাধাগ্রস্ত হলে শুল্ক মওকুফ করে চাল আমদানির সুযোগ দিয়েছিল সরকার। তখন ৪০ লাখ মেট্রিক টন চাল বিভিন্নভাবে আমদানি করা হয়। এতে মিলারর ও কৃষক উভয় ক্ষতিগ্রস্থ হয়। তিনি বলেন, লাভ বেশি হলে সরকারি গুদামে চাল সরবরাহ করবেন, লাভ কম হলে চাল সরবরাহ করবেন না, এটা হতে পারেনা।

প্রান্তিক কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতেই এবার ৮লক্ষ মেট্রিক টন বেশি ধান কেনার সিদ্ধান্ত সরকার নিয়েছে জানিয়ে মিলারদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, সঠিক সময়ে চাল সরবরাহের লক্ষ্যে সাপ্তাহিক, পাক্ষিক একটা সিলিং করে নেয়া যেতে পারে। কে কখন, কি পরিমাণ চাল সরকারি খাদ্য গুদামে সরবরাহ করবেন। সরকার সকল ব্যবসায়ীদের প্রণোদনা দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সেই প্রণোদনার অংশীদারিত্বের সুযোগ আপনারাও নিতে পারবেন।

এছাড়াও সভায়, মিলগেট থেকে কোন ধান কত দামে বিক্রি হচ্ছে তা যাচাই করা এবং মনিটরিং করার জন্য উপস্থিত বিভাগীয় কমিশনারদের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

Loading