দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বুধবার (৭ অক্টোবর) মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে ঢাকাসহ কয়েক জেলায়। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ এ কর্মসচিতে অংশ নেয়।
Thank you for reading this post, don't forget to subscribe!ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিএনপি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো বিষয়গুলো এই অবৈধ সরকারের ছত্রছায়ায় নিরন্তন বিষয় হয়ে গেছে। এছাড়া গত কয়েক মাসের হিসাব করলে দেখা যায়, এগুলো একটি মহোৎসবে পরিণত হয়েছে। শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একইসঙ্গে দেশের আইন শৃঙ্খলার অবনতি ও দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত ধর্ষণবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের কঠোর শাস্তিসহ দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। এসময় নারীদের জন্য বর্তমান সামাজিক ব্যবস্থার বৈরী অবস্থা তুলে ধরেন তারা। বুধবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সেভ আওয়ার ওমেন এর ব্যানারে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।দাবি জানান, ধর্ষকদের সর্বোচ্চ নয় একমাত্র সাজা ফাঁসির। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের সাজা কার্যকরের দাবি জানান তারা। নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি ও ধর্ষণ বন্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ধর্ষকদের কঠোর শাস্তি এবং নির্যাতিত নারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় এসময়।
বরিশাল নগরে সাইকেল র্যালি করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ একদল তরুণী। স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটির আয়োজনে বুধবার (৭ অক্টোবর) সকাল ৯ টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একদল তরুণীর নেতৃত্বে এ সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি নগরে সদররোড, হাসপাতাল রোড, সিঅ্যান্ডবি রোড হয়ে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। এসময় তারা পিঠে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।
অব্যাহত ধর্ষণ বর্বরোচিত নারী নির্যাতন নিপীড়ন যৌন হয়রানী ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে মাগুরায় প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালন করেছে পরিবর্তনে আমরাই নামে একটি সংগঠন। বুধবার সকাল ১০টায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে পরিবর্তনে আমরার সভাপতি নাহিদুর রহমান দূর্জয় এর সভাপতিত্বে প্রতিবাদী এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাগুরা আর্দশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সূর্য কান্ত বিশ্বাস, নার্গিস আক্তার, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শামীম আহমেদ খান,অলোক বোস প্রমুখ।
ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে প্রতিবাদী অবস্থান কর্মসূচি শুরু করেছে এক কলেজ ছাত্রী।বুধবার (০৭ অক্টোবর) সকাল ৯টা থেকে নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডের ফুটপাতে এ কর্মসূচি শুরু করেন ইশরাত জাহান সুরাইয়া নামের ওই কলেজ ছাত্রী। ওই ছাত্রী বরিশাল নগরের সাগরদী ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ও আনসার উদ্দিন মল্লিক কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এদিকে ইশরাতের ওই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে সকাল থেকেই তার পাশে অবস্থান নেয় পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তানমীম।
নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন, সিলেট এমসি কলেজে ধর্ষণ ও সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল চত্বর থেকে মিছিল শুরু করে ভাস্কর্য চত্বর, প্রধান ফটক হয়ে ভিক্টোরিয়া পার্ক এলাকায় এসে শেষ হয়।
![]()