২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:০১
শিরোনাম:

নির্বাচনে অনিয়ম ও কারচুপি, ভাসানীর কন্যার অবস্থান ধর্মঘট

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে ধর্মঘট শুরু করেছেন মাওলানা ভাসানীর মেয়ে মাহমুদা খাতুন ভাসানী।

Thank you for reading this post, don't forget to subscribe!

পৌরসভা নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে টাঙ্গাইল শহীদ মিনারে রোববার সন্ধ্যা থেকে প্রতীকী অবস্থান ধর্মঘট শুরু করেছেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খাতুন ভাসানী। মাহমুদা খাতুনের ছেলে মাহমুদুল হক এবার টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী ছিলেন।

সন্ধ্যা সাতটায় শহীদ মিনারে ছেলে মাহমুদুলকে নিয়ে মাহমুদা খাতুন ওই ধর্মঘট কর্মসূচি শুরু করেছেন।মাহমুদা খাতুন বলেন, ‘৩০ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এভাবে চলতে পারে না। এর প্রতিবাদ জানাতেই শহীদ মিনারে এ কর্মসূচি শুরু করেছি।’

মাহমুদা খাতুন আরও বলেন, কারচুপির আশঙ্কায় তিনি সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সিইসি তাকে সাক্ষাৎ দেননি। শনিবার টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি। ব্যাপক কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করা হয়েছে।

মাহমুদা খাতুনের স্বামী শামসুল হক দুবার টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবার তার ছেলে মাহমুদুল হক বিএনপির মনোনয়ন পেয়ে মেয়র পদে নির্বাচন করেন। তিনি ১৯ হাজার ৬৬০ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী এস এম সিরাজুল হক ৫৯ হজার ৯৬৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। -প্রথম আলো

 

Loading