বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে থানায় পিকআপ ভ্যান হস্তান্তর করা হয়েছে। রবিবার পুলিশ সুপারের কার্যালয় থেকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর হাতে এ পিকআপ ভ্যানটির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। এসময় তিনি বলেন, আশাশুনি উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা জোরদারকরণের লক্ষে থানা পুলিশকে আমার মাধ্যমে এ পিকআপ ভ্যানটি উপহার প্রদান করেছেন আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এ পিকআপ ভ্যান দ্বারা আশাশুনি থানা পুলিশ উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এসময় তিনি আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানান। পিকআপ ভ্যানটি হস্তান্তরকালে আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম বলেন, আমি আশাশুনি উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, দূর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই ও বিভিন্ন ধরণের প্রতারণা নির্মূলে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে ডিউটি জোরদারকরণের লক্ষে থানা পুলিশকে এ পিকআপ ভ্যানটি উপহার হিসাবে প্রদান করেছি। আশাকরি এ পিকআপ ভ্যানটির সাহায্যে পুলিশ সদস্যরা আশাশুনি থানা এলাকায় ডিউটি আরও জোরদার করে উপজেলাবাসীর সেবক হয়ে কাজ করতে পারবে।
Thank you for reading this post, don't forget to subscribe! ![]()