২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৪
শিরোনাম:

ঠিকাদারকে লাথি মারার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট: মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদের বিরুদ্ধে চাঁদা দাবি করে একজন ঠিকাদারকে লাথি মারার অভিযোগ উঠেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তার বিরুদ্ধে অভিযোগ, চাঁদা না পেয়ে আজ দুপুরে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় ঠিকাদার মো. নাছির মোল্লাকে পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দিয়ে লাথি-ঘুষি মারেন রুবেল।

অভিযোগকারী ঠিকাদার বলেন, ‘বাংলাদেশে কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার পরিবহনের জন্য ধলেশ্বরী নদীতে ফেরিঘাট তৈরির কাজ থেকে ছাত্রলীগ নেতা রুবেল চাঁদা দাবি করেছিলেন। আজ দুপুরে রুবেলসহ ১০-১২ জন মোটরসাইকেলের বহর নিয়ে মুক্তারপুর এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে তিনি পিস্তল বের করে ফাঁকা গুলি করেন ও ককটেল বিস্ফোরণ ঘটান। এসময় স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিকরা টায়ারে আগুন দিয়ে তাদেরকে চলে যেতে বাধ্য করেন। চলে যাওয়ার আগে রুবেল ও ফারুক নামের একজন ছাত্রলীগ কর্মী আমাকে লাথি মারে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।’

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা রুবেলের সঙ্গে মোবাইলে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গুলি ছোড়ার সত্যতা পুলিশ পায়নি। বিকট শব্দে বিস্ফোরণ ঘটার কথা জানা গেছে। পরিস্থিতি এখন শান্ত আছে। ঠিকাদার নাছির মোল্লা এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্য ডেইলি স্টার

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

Loading